হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের ইরানের প্রস্তাব আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের সমুদ্র আইন সনদ (ইউএনক্লোস) অনুযায়ী, কোনো প্রণালীর তীরবর্তী দেশ কেবল পথ অতিক্রমের অনুমতির জন্য জাহাজ থেকে অর্থ আদায় করতে পারে না।
পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ এই নৌপথটি গত কয়েক সপ্তাহ ধরে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালীতে শত্রুপক্ষের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে চলাচল কার্যত ব্যাহত করেছে, যার ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
এ অবস্থায় ইরান প্রণালীটির ওপর কার্যত নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় এবং তাদের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার অংশ হিসেবে তেলবাহী জাহাজ থেকে টোল আদায়ের দাবি তুলেছে। যা আন্তর্জাতিক আইনে অবৈধ। সুয়েজ বা পানামা খালের মত মানবনির্মিত জলপথে চলাচলের জন্য তীরবর্তী দেশগুলো টোল আদায় করতে পারলেও প্রাকৃতিকভাবে সৃষ্ট জলপ্রণালীতে কোন দেশ টোল বা ফি আরোপ করতে পারবেনা।
যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ ইতোমধ্যে এ দাবির বিরোধিতা করছে। কারণ, সংঘাতের আগে পর্যন্ত হরমুজ প্রণালী ছিল টোলমুক্ত ও নিরাপদ নৌপথ। আন্তর্জাতিক আইনও এ ধরনের টোল আরোপের অনুমতি দেয় না। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের এই অবস্থান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় কী হবে, তা এখনও স্পষ্ট নয়।