নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম

নরসিংদীর মাধবদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদীর ভগিরথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫) ও বাকীরা অজ্ঞাত।

জানা যায়, শুক্রবার নরসিংদী চেম্বার অব কর্মাসের সাবেক প্রেসিডেন্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। কুলখানিতে ভগিরথপুরসহ আশপাশের এলাকার প্রায় ৮ থেকে ১০ হাজার লোক অংশগ্রহণ করতে জমায়েত হয় বিদ্যালয়ের গেইটের সামনে। জুমার নামাজের পর বিদ্যালয়ের গেইট খুলে দিয়ে হুড়াহুড়ি করে লোকজন গেইট দিয়ে স্কুল মাঠে প্রবেশ করতে গেলে ধাক্কাধাক্কি এবং পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকার্তা আসমা জাহান সরকার বলেন, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠান করার জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার ঘটনা আমার জানা নেই।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, এ ঘটনায় নরসিংদী সদর হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত