পঞ্চমে আত্মতুষ্টির সুযোগ নেই হকি দলের

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:২৩ এএম

যে আসরে বাংলাদেশ অতীতে হেসেখেলে চ্যাম্পিয়ন হয়েছে, এবার সেই এশিয়ান গেমস বাছাই বাংলাদেশ হকি দল শেষ করেছে পঞ্চম হয়ে। থাইল্যান্ডের ব্যাংককে গতকাল শুক্রবার তারা পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। বাছাই থেকে সেরা ছয় দল সুযোগ পেয়েছে সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় হতে যাওয়া এশিয়াডে। পঞ্চম হওয়ায় বাংলাদেশও খেলবে সে আসরে। তবে দলের পারফরম্যান্স নিয়ে শঙ্কা থেকেই যায়।

বাংলাদেশের এই অভিযান শুরু করেছিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ জিতে। এর পরেই শুরু হয় বিপর্যয়। গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা হারের লজ্জা পায় শ্রীলংকার কাছে। কুড়ি বছর পর লংকানদের কাছে হকিতে হারে তারা। শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে সেমিফাইনাল থেকে ছিটকে যান আমিরুল ইসলামরা। পরে স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়াডে খেলা নিশ্চিত করা বাংলাদেশ গতকাল চাইনিজ তাইপেকে হারায়।

ম্যাচের সাত মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তিন মিনিট পর সমতা আনে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। বিরতির পরপরই তাইপে ম্যাচে ফিরে আসে। মিনিট চারেক পর মেহরাব হোসেন সামিনের গোলে বাংলাদেশ আবার লিড পায়। সেই লিড ধরে রেখে শেষ পর্যন্ত পঞ্চম স্থান নিশ্চিত হয় বাংলাদেশের।

গত বছর এএইচএফ কাপ দিয়ে হকি দলের উল্টোরথে যাত্রা শুরু। এশিয়া কাপের বাছাই হিসেবে ধরা হয় এএইচএফ কাপকে। বাংলাদেশ অতীতে হেসেখেলেই এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে বহুবার। অথচ তারাই পারেনি ফাইনালে যেতে। ফলে এশিয়া কাপ থেকে প্রথমবারের মতো বাদ পড়তে হয়েছিল। পরে অবশ্য পাকিস্তান নাম প্রত্যাহার করায় ভারতে এশিয়া কাপ খেলার সুযোগ পায় বাংলাদেশ এবং যথারীতি বাজে পারফরম্যান্স করে ফিরে আসে।

এরপর ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজে গো-হারা হারে বাংলাদেশ। তারপরও শিক্ষা হয়নি ফেডারেশনের। দলের জন্য অভিজ্ঞ কোনো কোচ নিয়োগ না দিয়ে, খেলোয়াড় নির্বাচনে বিতর্কের জন্ম দিয়ে এশিয়াডের বাছাইয়ে দল পাঠায় ফেডারেশন। যার ফল তো হাতে নাতেই মিলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত