বৈভবকে এখনই জাতীয় দলে দেখতে চান অনেকেই

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

আইপিএলের চলতি আসরে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন ১৫ বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টের বর্তমান ‘অরেঞ্জ ক্যাপ’ জয়ী রাজস্থান রয়্যালসের এই ওপেনারকে দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর চাপ বাড়াচ্ছেন সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকেরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে গত শুক্রবার মাত্র ১৫ বলে ফিফটি তুলে নেন বৈভব। ২৬ বলে ৭৮ রানের এক টর্নেডো ইনিংস খেলে তিনি আরও একবার প্রমাণ করেছেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। টুর্নামেন্টের শুরু থেকেই জাসপ্রিত বুমরা কিংবা জশ হ্যাজলউডের মতো বিশ্বসেরা বোলারদের অবলীলায় শাসন করছেন এই বাঁহাতি ব্যাটার।

বৈভবের এই উত্থান দেখে তাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন অনিল কুম্বলে। তিনি বৈভবের মাঝে তরুণ শচীন টেন্ডুলকারের ছায়া দেখছেন। কুম্বলে বলেন, ‘সে যা করছে সবই ইতিবাচক। নির্বাচকরা অবশ্যই তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। আজ হোক বা কাল, সে ভারতের হয়ে খেলবেই।’

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল মনে করেন, বৈভবকে জাতীয় দলে নেওয়া নির্বাচকদের জন্য একটি যুগান্তকারী সুযোগ হতে পারে, ‘ভারতের ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল বা অভিষেক শর্মাদের মতো অনেক প্রতিভা আছে। কিন্তু ১৫ বছর বয়সে বৈভব যা করছে, তা অনন্য। নির্বাচকদের কাছে তাকে সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে অভিষেক করানোর একবারই সুযোগ রয়েছে।’

সাবেক নির্বাচক সাবা করিম এবং ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারও বৈভবের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। মাঠের চারদিকে শট খেলার ক্ষমতার পাশাপাশি চাপের মুখে তার পরিণত মানসিকতা সবাইকে অবাক করেছে। রাজস্থান রয়্যালসে তার সতীর্থ ধ্রুব জুরেল বলেন, ‘বৈভবের ব্যাটিং দেখে মনে হয় ক্রিকেট খেলাটা কতই না সহজ! কিন্তু আসলে ও যেভাবে খেলছে তা অবিশ্বাস্য।’

এত প্রশংসার মুখেও অবশ্য পা মাটিতেই রাখছেন বৈভব সূর্যবংশী। বোলার কে তা না দেখে বল দেখে খেলার চেষ্টা করেন বলে জানান এই কিশোর। তবে নিজের ব্যাটিং নিয়ে এখনো তৃপ্ত নন তিনি। দ্রুত আউট হয়ে যাওয়া নিয়ে আক্ষেপ করে বৈভব বলেন, ‘উইকেটে থাকতে পারলে আরও ২০-৩০ রান বেশি হতো, সেটাই আমাকে পোড়ায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত