নেত্রকোনায় পিকআপ ভ্যানে জ্বালানি তেল পাচারকালে ডিজেল পেট্রোল বহনকারী ৬টি ড্রাম জব্দ সহ একজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত বকুল মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ এপ্রিল) রাতে পৌর শহরের চকপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে তেল ভর্তি ড্রামগুলো সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে পুলিশ চেকপোস্টে ড্রামসহ পিকআপটি আটক করা হয়।
আটক ব্যবসায়ী বকুল মিয়া জানান, তিনি নেত্রকোনার পারলা এলাকার ‘মোনাকো পাম্প’ থেকে এই তেল সংগ্রহ করে ধর্মপাশা নিয়ে যাচ্ছিলেন।
খবর পেয়ে এসিল্যান্ড মো. শামছুজ্জামান আসিফ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পাঁচ ড্রাম ডিজেল ও এক ড্রাম পেট্রোল জব্দ করেন। এ সময় তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ব্যবসায়ী বকুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানের সময় সুযোগ বুঝে পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ জানান, জব্দকৃত পাঁচ ড্রামে ডিজেল ও এক ড্রাম পেট্রোল পুলিশ হেফাজতে ও প্রাথমিকভাবে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ব্যাপারে আরো তদন্ত চলছে।
‘ইরানিদের অধিকারকে সম্মান করলে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব