গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পরিণতি সরকারকে ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সোমবার (১৩ এপ্রিল) কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি একথা বলেন।
এ সময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা বলছে জুলাই সনদ তারা অক্ষর অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ। যে জুলাই আদেশের ভিত্তিতে গণভোট তৈরি হয়েছিল, গণভোট অনুষ্ঠিত হয়েছিল তারা সেটার বিরোধিতা করছে। কারণ তারা জুলাই সনদকে তাদের নিজেদের দলীয় ইশতেহারে পরিণত করেছে এবং এ সংকট তৈরি করেছিল বলেই তখন গণভোটের প্রস্তাব এসেছিল এবং গণভোটের মাধ্যমে এটাও বলা হয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ করা হবে। কারণ এই যে মৌলিক সংস্কারগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়।
নাহিদ ইসলাম বলেন, আমাদের এখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা— জাতীয় স্বার্থ কীভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষিত করবো; হামের মতো দুর্যোগ কীভাবে মোকাবিলা করব; জ্বালানি সংকট সমাধান নিয়ে সেমিনার করার কথা। কিন্তু আমাদের দুর্ভাগ্য গত ১৬ বছর যে সংস্কারের কথা বলতে হয়েছে, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের আলোচনা করেছে, এখনও আমাদের সেসব নিয়ে পড়ে থাকতে হচ্ছে।
তিনি বলেন, জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি। ফলে, বিএনপিকে এর দায়ভার এবং পরিণতি ভোগ করতে হবে। এর পরিণতি খুব সহজ হবে না।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
