টেকনাফে বিদেশি পিস্তলসহ আটক ৩

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

কক্সবাজারের টেকনাফে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে মোহাম্মদ নবী (৪০) নামের এক ব্যক্তির পায়ের উরুতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

এ ঘটনায় মোহাম্মদ নবীর পাশাপাশি নুরুল আমিন (২৯) ও মো. শাহজাহান (৪৫) নামে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ নবী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ (ই) ব্লক-৩৯ এর বাসিন্দা বলে জানা গেছে। অন্য দুইজন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।

এব্যপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত