গোবিন্দগঞ্জে নববর্ষে এখনও 'মাদক ট্র্যাজেডির' ভয়

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে আবারও ভয়াবহ মাদক ট্র্যাজেডির শঙ্কা দেখা দিয়েছে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন মহল। ১৯৯৮ সালে পহেলা বৈশাখ উদযাপনে জেলায় বিষাক্ত মদপান করে ৭১ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন শতাধিক ব্যক্তি। মর্মান্তিক এ ঘটনার ২৭ বছর পরও কমেনি মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম।

এবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মাদকসেবী ও ব্যাবসায়ীদের দৌরাত্ম অতীতের সকল রেকর্ড ভঙ্গ করায় আরেকটি ভয়াবহ মাদক ট্র্যাজেডির আশঙ্কা করেছেন সচেতন মহল। তাদের ভাষ্য মতে, গডফাদারদের আশ্রয়ে-প্রশ্রয়ে চারটি সীমান্ত রুট দিয়ে জেলার গোবিন্দগঞ্জে আসছে মাদক।

রুট চারটি হচ্ছে- দিনাজপুর থেকে ঘোড়াঘাট হয়ে গোবিন্দগঞ্জ, জয়পুর হাট থেকে রাজাবিবাট হয়ে গোবিন্দগঞ্জ, পাঁচবিবি থেকে কামদিয়া হয়ে গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাট থেকে পলাশবাড়ী হয়ে গোবিন্দগঞ্জ। এই চারটি রুট ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বিভিন্ন ব্রান্ডের মাদক পাচার করছে।

এ ছাড়া উপজেলার পৌর এলাকাসহ বিভিন্নস্থানে বাংলা মদ তৈরি হচ্ছে। স্থানীয় চাহিদা মেটানোর পর এসব মাদকদ্রব্য পাচার হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।

উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চরপাড়ার আইয়ুব আলী জানান, পৌরশহরে ফেরি করে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি হয়। এ ছাড়া পৌরশহরের বেশ কয়েকটি পান ও বেকারির দোকানের আড়ালে মাদক পাওয়া যায়।

পৌর এলাকার জঙ্গলমারার বাসিন্দা ইসলাম সরকার জানান, গোটা পৌর এলাকা মাদকে ভরপুর। বিশেষ করে হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা বড়ি। তার অভিযোগ- এ বিষয়ে সংশ্লিষ্টদের জানিয়েও কোনও প্রতিকার মিলছে না। এতে করে এদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, এলাকায় উঠতি বয়সের যুবকেরা মাদকের দিকে বেশি ঝুঁকছে। অভিভাবকের নিকট ইয়াবা বড়ি কেনার টাকা না পেয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। এতে অভিভাবক মহল উদ্বিগ্ম হয়ে পড়েছেন।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান জানান, প্রয়োজনের তুলনায় আমাদের জনবল অত্যন্ত কম। তার পরোও যা আছে, তাই দিয়ে গোবিন্দগঞ্জসহ জেলার সাতটি উপজেলায় প্রতিদিন অভিযান চালানো হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মাদকের বিষয়ে কোনও আপস নেই। নিয়মিত মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদক নিয়ে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত