জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বিশ^ই সফর করতে পারেন। ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। এ দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতের সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান।
তিনি চাইলেই দেশে চলমান, চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের টুঁটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হয়ে যাবে। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়।
নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর বলেন, জামায়াত এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। এ আস্থা অর্জন করতে সংগঠনটি দীর্ঘ সময় ধরে মানুষের মাঝে ইসলামের দাওয়াত ও আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করার নির্দেশ দেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন ম-লের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল এমপি।