নীলফামারীতে কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম

নীলফামারীর জলঢাকায় প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া সিংগীমারী মন্দিরের উঠোন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রভাত একই এলাকার নীলকণ্ঠ রায়ের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রভাতের বড় ছেলে পতিরাম রায় জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে কলাপাতা কাটার জন্য হাসুয়া নিয়ে বাড়ি থেকে বের হন বাবা। দীর্ঘসময়েও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজ করেও পায়নি। সকাল দশটার দিকে স্থানীয়রা শশ্মানের সামনে গলাকাটা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে খবর দেয়। পরে পুলিশ পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, মৃতদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখা গেছে গলার বামদিকে কাটা রয়েছে। তার দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত