ইস্টার্ন ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধি ২০ শতাংশ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ এএম

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ২০২৫ অর্থবছরে উল্লেখযোগ্য আর্থিক ফল অর্জন করেছে। ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা (পিএটি) ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯০১ কোটি টাকায় দাঁড়িয়েছে। গতকাল বুধবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিকূল অর্থনৈতিক পরিবেশের মধ্যেও আয়ের ক্ষেত্রে ধারাবাহিক প্রবৃদ্ধি ব্যাংকটির দৃঢ়তা ও স্থিতিশীল ব্যবসায়িক কাঠামোর প্রতিফলন বলে ইবিএল মনে করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুশৃঙ্খল ব্যালান্স শিট ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণে দক্ষতার কারণে ব্যাংকটির প্রধান সূচকগুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আমানত (ডিপোজিট) ২১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৫ হাজার ৬৪৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। ঋণ ও অ্যাডভান্স ১৬ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭ হাজার ৭০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে । বিনিয়োগ খাতে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে ৪৭ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১ হাজার ১৪৭ কোটি টাকায় উন্নীত হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের হার কমে ২ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে, যা এই শিল্প খাতের গড় ৩০ দশমিক ৬০ শতাংশের তুলনায় অনেক কম। এর মাধ্যমে ব্যাংকের কঠোর ঋণনীতি ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিফলিত হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৫ টাকা, যা ২০২৪ সালে ছিল ৪ দশমিক ৭০ টাকা (পুনর্নির্ধারিত)। একইসঙ্গে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বৃদ্ধি পেয়ে ৩১ দশমিক ৮৬ টাকায় দাঁড়িয়েছে, যা আগে ছিল ২৭ দশমিক ১৬ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত