শাপলা চত্বর হত্যাকান্ড

আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ এএম

১৩ বছর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাকা-ের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, তদন্তের পর্যায়ে থাকা শাপলা চত্বর হত্যাকা- মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করা হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি গ্রেপ্তার হন। শাপলা চত্বর হত্যাকা-ের সময় তিনি র‌্যাবে কর্মরত ছিলেন।

জুলাই-আগস্টের আন্দোলন দমনে ব্যাপক হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদ-াদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ মামলায় রাজসাক্ষী (এপ্রুভার) হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিচারে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও রাজসাক্ষী বিবেচনায় তাকে ৫ বছর কারাদ- দেয় ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল করেন মামুন। তিনি বর্তমানে কারাগারে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘শাপলা চত্বর হত্যা মামলায় কারা আসামি হতে যাচ্ছেন বা হতে যাচ্ছেন নাম সে বিষয়টি এখনি প্রকাশ করা যাচ্ছে না। তবে, এ ঘটনায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেক কর্মকর্তার সম্পৃক্ততা আমরা পাচ্ছি এবং ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমরা চেষ্টা করছি (তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়)।’

তিনি বলেন, ‘শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকা- হয়েছিল, সমস্ত পৃথিবীর বিবেকবান মানুষকে আহত করেছে। এটা মানবতাবিরোধী অপরাধ। সেটার মধ্যে যাদের সম্পৃক্ততা পাব, তিনি সিভিলিয়ান, পুলিশ কর্মকর্তা হোক, র‌্যাাব কিংবা আর্মি অফিসার হোক যাদের এই কর্মকা-ে সম্পৃক্ততা ছিল বা আছে, প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসব। সেটা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হতে পারে, বেনজীর আহমেদ হতে পারে, জিয়াউল আহসান হতে পারে।’

মানবতাবিরোধী অপরাধের এক মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “কোনো একটি মামলায় রাজসাক্ষী হওয়া মানে এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি অন্য সব ঘটনায় দায়মুক্তি পাবেন। একটি নির্দিষ্ট ঘটনার জন্য দেওয়া দায়মুক্তি অন্য পৃথক ঘটনায় প্রযোজ্য নয়। প্রতিটি ঘটনার ক্ষেত্রে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ আলাদাভাবে বিবেচিত হয়।”

গত ৫ এপ্রিল শাপলা চত্বর হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের ধার্য দিনে প্রতিবেদন দাখিল না হওয়ায় আগামী ৭ জুন নতুন করে দিন ধার্য করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ মামলায় এখন পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক দুই ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, আবদুল জলিল ম-ল এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

শাপলা চত্বরে হত্যাকা-ের অভিযোগে ২০২৪ সালের ২০ আগস্ট ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা দেয় হেফাজতে ইসলাম। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত