ইসরায়েল ও লেবাননের নেতারা আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরাসরি একে অপরের সঙ্গে কথা বলবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন। ৩৪ বছর পর প্রথমবারের মতো বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছেন তারা।
ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন প্রায় ৩৪ বছর দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল তা হবে। ভালো লাগছে!
এই ঘোষণাটি এসেছে মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটারের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকের পর।
এই বৈঠক পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আয়োজনে অনুষ্ঠিত হয় এবং এতে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা, স্টেট ডিপার্টমেন্টের উপদেষ্টা মাইকেল নিডহ্যাম এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ উপস্থিত ছিলেন। এই বৈঠকে হিজবুল্লাহ গোষ্ঠীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে হামলা কমাতে অনুরোধ করেছিলেন এবং জানানো হয়েছিল, ইসরায়েল তার অভিযান কমিয়ে আনবে।
২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও, ২ মার্চ হিজবুল্লাহর সীমান্ত অতিক্রম করে চালানো হামলার পর ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ মাস থেকে দুই হাজারের বেশি মানুষ নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ইরানিদের ভরসা এখন ‘সবই আল্লাহর হাতে’