কুমিল্লার বুড়িচং উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মুহূর্তেই হঠাৎ একটি বড় গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত হয়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্কুল সূত্রে জানা যায়, বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের সামনে থাকা একটি পুরোনো গাছ হঠাৎ ভেঙে পড়ে। সে সময় আশপাশে থাকা শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী হলো—দশম শ্রেণির সায়মন, নবম শ্রেণির আবু সাইম এবং ষষ্ঠ শ্রেণির আব্দুল্লাহ। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মজুমদার বলেন, অনুষ্ঠান চলার মধ্যেই আকস্মিকভাবে গাছটি উপড়ে পড়ে। দ্রুত আহতদের সরিয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতা গাজী মনির বলেন, ঘটনাটি খুবই আকস্মিক ছিল। কয়েকশ শিক্ষার্থী উপস্থিত থাকলেও ভাগ্যক্রমে বড় কোন দুর্ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান