অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি: স্পিকার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অভিজ্ঞতার অভাবে দেশের মানুষের জন্য উল্লেখযোগ্য কোনও অবদান রাখতে পারেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা ভালো ও সম্মানিত হলেও বাস্তব সমস্যার কার্যকর সমাধান দেওয়ার সক্ষমতা তাদের ছিল না।

সে সময় দেশের অর্থনৈতিক সূচক নিম্নমুখী হয়ে পড়ে এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু ব্যর্থতা দেখা যায়। উদাহরণ হিসেবে তিনি বলেন, সময়মতো হাম রোগের টিকা না আসায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। অদক্ষ ব্যক্তিদের হাতে ক্ষমতা গেলে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়।

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ইতিবাচক দিকও তুলে ধরেন। বলেন, তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পেরেছে, যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হয়েছে। এ জন্য তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর ভূমিকাও প্রশংসা করেন।

গণতন্ত্রের ধারায় দেশ আবার এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র আরও সমৃদ্ধ হবে। বিগত সরকারের রেখে যাওয়া কিছু বিষয় এখনও আলোচনায় রয়েছে, যার মধ্যে ‘জুলাই সনদ’ অন্যতম। এ বিষয়ে তিনি স্পষ্ট করেন, সংবিধান পরিবর্তনের অধিকার কেবল জনগণের নির্বাচিত প্রতিনিধিদেরই রয়েছে; কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সিদ্ধান্তে সংবিধান পরিবর্তন সম্ভব নয়।

সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং সংসদেও তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু বিষয়ে তারা ‘নোট অব ডিসেন্ট’ দিলেও জনগণের ম্যান্ডেট পেলে সেসব বাস্তবায়নের সুযোগ রয়েছে।

সরকারি ও বিরোধীদলের মধ্যে মৌলিক মতপার্থক্য খুব বেশি নয় বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, রাজনৈতিক কৌশল ও পারস্পরিক প্রতিযোগিতা থাকলেও গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। উভয় দলই দেশে মাফিয়াতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকাতে একমত।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করে জুলাই সনদের মূল উদ্দেশ্য বাস্তবায়ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত