শিবালয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভ্রাম্যমান আদালতের ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।  ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় ৩টি মামলায় এ টাকা আদায় করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার (১৫এপ্রিল) রাত ১০টা থেকে প্রায় দুই ঘন্টা উপজেলার উথুলী মোড়ের সারমানো ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার। এ অভিযানকালে শিবালয় ও বরংগাইল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাম্প মালিক সূত্রে জানা গেছে, উপজেলায় ৪টি পেট্রোল পাম্প ও ৬ জন খুচরা ডিলার রয়েছে। গত মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সংকট মোকাবেলায় সরকার প্রতিটি পাম্প ও ডিলারের জন্য ডিপো থেকে পর্যাপ্ত পরিমান জ্বালানী সরবরাহ করছে। এ যাবৎ উপজেলার প্রতিটি পাম্পে ১২/১৩ দফায় ১ লাখ ৮ হাজার লিটার করে পেট্রোল, ৬৩ হাজার লিটার অকটেন ও ডিজেল এবং খুচরা ডিলার ১৮ হাজার লিটার করে ডিজেল উত্তোলন করেছে। পাম্পের মাধ্যেমে এতো বিপুল পরিমাণ জ্বালানী তেল বিক্রির পরও প্রতিদিন গ্রাহকদের ভীড় লেগেই আছে। অনেকে অভিযোগ তুলেছেন এক শ্রেণির গ্রাহক অন্যত্র মজুদ করায় এমন কৃত্রিম সংকট দেখা দিয়েছে।

এদিকে, ভোর সাড়ে ৩টার দিকে ফিলিং স্টেশনটিতে জ্বালানি শেষ হয়ে গেলে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে কিছু মোটরসাইকেল চালক ইট-পাটকেল নিক্ষেপ করে স্টেশনটিতে ভাঙচুর চালায়। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪৯) ও রাসেল (২৪) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, তেল সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে বিশৃঙ্খলা এড়াতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত