বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালীর শে‌খেরখী‌লে অটোরিকশা ও বডবটি (মোটর চালিত ভ্যান) গাড়ির মুখোমুখি সংঘর্ষে আবু ছিদ্দিক (২৬) নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ব্রিকফিল্ড সংলগ্ন মোজাফ্ফর সওদাগর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছিদ্দিক অটোরিকশাযোগে পশ্চিম দিক থেকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি বডবটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় যানবাহনের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।

নিহত আবু ছিদ্দিক উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ও লবণ শ্রমিক ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে অটোরিকশা চালক মিয়া হোসাইন এবং অজ্ঞাতনামা বডিবটি চালকের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন।

বাঁশখালী থানার পুলিশ প‌রিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, দুর্ঘটনা‌টি অতিরিক্ত গতির কারণে অটোরিকশা ও বডিবটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসা‌মি‌দের আই‌নের আওতায় আন‌তে পু‌লিশ কাজ কর‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত