হাসপাতালে চাঁদা দাবির মামলায় মঈনসহ ৭ জন কারাগারে

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. ছাব্বির আহমেদ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষ জামিন চাইলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

আটক আসামিরা হলেন-সাবেক যুবদল নেতা মইন উদ্দিন, ফালান, রুবেল, ফারুক, লিটন, স্বপন ও শাওন।

এর আগে গত ১৩ এপ্রিল ফালান, রুবেল, ফারুক ও লিটনের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরদিন ১৪ এপ্রিল মঈন, স্বপন ও শাওনের তিন দিনের রিমান্ড দেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ এপ্রিল হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে মঈন উদ্দিনকে প্রধান আসামি করে আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বাদীকে ভয়ভীতি ও হুমকি দেন। এর ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে শ্যামলীর বাসার সামনে গিয়ে পুনরায় চাঁদা দাবি করা হয়। এ সময় বাদীর পরিবারকে হুমকি ও অশোভন আচরণ করা হয়।

পরে ঘটনাটিকে কেন্দ্র করে মঈনসহ তার সহযোগীরা লোকজন জড়ো করে সিকেডি হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। তারা স্লোগান, গালাগালি ও উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তার করে। এমনকি হাসপাতালের জরুরি বিভাগের সামনেও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়, যা স্বাভাবিক চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত