স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও দেশ কাক্সিক্ষত অগ্রগতি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যেও আমাদের অনেক ইতিবাচক অর্জন আছে, তবে দারিদ্র্য বিমোচন ও তরুণদের সুরক্ষা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ গতকাল শুক্রবার রাজধানীর মাদানী এভিনিউয়ের ‘পিপার ট্রি বিডি’ ইভেন্ট ভেন্যুতে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় সাড়ে ৭ কোটি মানুষের দেশে ২৮ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। আজ ১৮ কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি নেই বললেই চলে। এটা নিঃসন্দেহে বড় অর্জন। কিন্তু আমাদের আরও অনেক কিছু করার ছিল। বিশেষ করে দেশের ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করছে, তাদের ওপরে টেনে তোলার কাজটা আমরা করতে পারিনি।’
তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে কাজ করতে হবে। দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।’ এ সময় তিনি সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিকগুলো নিয়েও সতর্ক করেন। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া সবসময় ভালো কিছু বয়ে আনে না। এ নিয়ে উন্নত দেশেও বিধিনিষেধ রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে আপনাদের সচেতন থাকতে হবে।’
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেসিআই তরুণদের একটি অলাভজনক বৈশ্বিক প্ল্যাটফরম, যা নেতৃত্ব উন্নয়ন ও সামাজিক ইতিবাচক পরিবর্তন নিয়ে কাজ করে।
