রাঙ্গামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্যকে তার নিজের বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়ে গুলিতে আহত হয়েছেন তার দুই বোন। গতকাল শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের উপরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ধর্মশিং চাকমা (৩৯) কুতুকছড়ির ৪ নম্বর ওয়ার্ডের মৃত ধনঞ্জয় চাকমার ছেলে। তিনি ইউপিডিএফের (প্রসীত) যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।
আহত দুজন হলেন ধর্মশিংয়ের দুই বোন ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫)। তাদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউপিডিএফের (প্রসীত) সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা গুলিতে হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন।’
তবে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে জেএসএস। এ বিষয়ে জেএসএসের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি গঙ্গা মানিক চাকমা বলেন, ‘ওই এলাকায় আমাদের কোনো কার্যক্রম নেই। ইউপিডিএফ আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’
রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, ‘হাতে গুলিবিদ্ধ দুজন নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।’
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এদিকে এই হত্যাকা-ের প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফের নেতারা।
