‘কোচিং বাণিজ্যে’র  বিরুদ্ধে শিগগির পদক্ষেপ : প্রতিমন্ত্রী

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ এএম

কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে সরকার দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আরও বলেন, আগামী বছর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সরকার কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘শুধু বৃত্তি নয়, সার্বিকভাবে কোচিং আমাদের সমাজে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। এটি একটি বড় সমস্যা। কোচিং নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু ইনোভেশন বা পলিসি চিহ্নিত করা হয়েছে। শিগগির এর পাইলটিং শুরু হবে।’ তবে প্রাথমিক বৃত্তি-সংক্রান্ত কোচিং নিয়ে এখনো বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান প্রতিমন্ত্রী।

আগামী বছরগুলোতে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘এবারের বৃত্তি পরীক্ষা গত বছর তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণে পরীক্ষাটি তারা নিতে পারেনি। আগামী বছরগুলোতে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ তিনি জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, কতজন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে এবং বৃত্তির পরিমাণ কত হবে, তা পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত