বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নেয় তহমিনা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। গতকাল শনিবার জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, চাড়াখালী গ্রামের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে তহমিনা আক্তার জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। কিন্তু পারিবারিকভাবে বাল্যবিবাহের সিদ্ধান্ত নেওয়া হলে সে তা প্রতিরোধে প্রথমে পরিবারের সঙ্গে কথা বলে। কিন্তু পারিবারিকভাবে বিষয়টির সমাধান না হওয়ায় সে ইন্দুরকানী থানায় গিয়ে আশ্রয় নেয়।
এ বিষয়ে তহমিনা আক্তার জানায়, ‘আমার পরিবার জোর করে বিয়ে দিতে চাইছে। কিন্তু পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। সামনে আমার এসএসসি পরীক্ষা। তাই আমি দুবার থানায় গিয়ে সাহায্য চেয়েছি।’
