বিএনপির দ্বিতীয় দিনের সাক্ষাৎকার সম্পন্ন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার গ্রহণ সম্পন্ন করেছে বিএনপি। গতকাল শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এর আগে গত শুক্রবার প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

মনোনয়ন বোর্ডের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ব্যক্তিগতভাবে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন এবং তাদের রাজনৈতিক ত্যাগ, রাজপথের সক্রিয়তা ও সংসদীয় কার্যক্রমে মেধার ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বোর্ডে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

দুপুর থেকেই গুলশান কার্যালয় প্রাঙ্গণে সারা দেশ থেকে আসা নারী নেত্রী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত ৩৬টি আসনের বিপরীতে বিপুলসংখ্যক প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

সাক্ষাৎকার শেষে বিএনপির নীতিনির্ধারকরা জানান, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিগত দিনে রাজপথের আন্দোলন, জেল-জুলুম ও ত্যাগের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি ও শিক্ষাগত যোগ্যতাকে বড় করে দেখা হচ্ছে। তারা জানান, দেশ ও জনগণের পক্ষে সংসদে জোরালো ভূমিকা রাখতে পারবেনÑএমন নেতৃত্বকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি। বিশেষ করে যারা দুর্দিনে দলের পতাকা আঁকড়ে ধরে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত ৩৬টি আসনের বিপরীতে প্রায় এক হাজার ২৫ মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে প্রায় ৯০০ প্রার্থী ফরম জমা দিয়েছেন। প্রতিটি ফরমের জন্য দুই হাজার টাকা এবং জামানত হিসেবে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ঘনিয়ে আসায় দ্রুততম সময়ের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই দলটির পার্লামেন্টারি বোর্ড মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত