রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম আমেনা বেগম (৬৫)। গত শুক্রবার রাত সোয়া ১২টায় যাত্রাবাড়ী মাছের আড়তের সামনের সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া একটায় তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালককে আটক ও ভ্যান জব্দ করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মোকসুদুর রহমান বলেন, ওই নারী চাঁদপুর থেকে যাত্রাবাড়ীতে মেয়ের বাসায় আসার উদ্দেশ্যে যাত্রাবাড়ীতে গাড়ি থেকে নেমে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
