হাদি হত্যা মামলা

স্বীকারোক্তিমূলক জবানবন্দি অস্ত্র বিক্রেতা মাজেদুলের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ এএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় মামলায় সন্দেহভাজন আসামি অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামি মাজেদুলের জবানবন্দি রেকর্ড করেন। পাশাপাশি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গত ১৫ এপ্রিল চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে মাজেদুলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। পরে তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। রিমান্ড আবেদনে বলা হয়, ওসমান হাদি হত্যা মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি (পিস্তল) নরসিংদী এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নরসিংদী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে, উদ্ধার করা পিস্তল থেকেই ঘটনাস্থলে পাওয়া কার্তুজ ও গুলি ছোড়া হয়েছিল। এ ছাড়া মাইক্রো-অ্যানালাইসিস পরীক্ষায় পিস্তলটির সিরিয়াল নম্বর উদ্ধার করা সম্ভব হয়।

তদন্তে জানা যায়, পিস্তলটি ঢাকার এমআইএইচ আর্মস কোম্পানি আমদানি করে ২০১৭ সালের ৩ ডিসেম্বর ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্সের কাছে বিক্রি করে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্স চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোম্পানির কাছে পিস্তলটি বিক্রি করে দেয়। তদন্তে আরও জানা যায়, ওই প্রতিষ্ঠানের মালিক আসামি মাজেদুল হক হেলাল। প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। একপর্যায়ে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হলে ১৮ ডিসেম্বর সেখানে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত