বৈভব ১৫ বছরের কিশোরের মতোই ক্রিকেট উপভোগ করুক: সাঙ্গাকারা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

আইপিএলের মঞ্চে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই কিশোর ওপেনারের ব্যাটিং দেখে যখন পুরো ক্রিকেট বিশ্ব মুগ্ধ, তখন তাকে নিয়ে বাড়তি সতর্কবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ ও ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা। আকাশচুম্বী প্রত্যাশার চাপে বৈভব যেন খেই হারিয়ে না ফেলে, সেজন্য তাকে নির্ভার থাকার পরামর্শ দিয়েছেন এই লঙ্কান কিংবদন্তি।

কিশোর এই ওপেনারকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন লঙ্কান কিংবদন্তি। ক্রিকেটকে উপভোগ করতে বলেছেন। সাঙ্গাকারার ভাষায়, ‘বৈভবের প্রতি আমার বার্তা খুব সাধারণ- সবকিছু উপভোগ কর। সেটা ৩৫ বলে ১০০ হোক, ১৫ বলে ৫০ হোক কিংবা প্রথম বলেই আউট -সবই খেলার অংশ। তোমার রান করার অধিকার আছে, আবার ব্যর্থ হওয়ারও অধিকার আছে। এটাই ক্রিকেট।’

সাঙ্গাকারার মতে, বৈভবের ব্যাটিংয়ে যে অকুতোভয় মানসিকতা দেখা যায়, তার পেছনে রয়েছে নেটের কঠোর পরিশ্রম। তিনি বলেন, ‘সবাই শুধু ওর প্রতিভার কথা বলে, কিন্তু নেটে ও কতটা সময় দেয় সেটা অনেকেরই অজানা। ও খেলাটা খুব ভালো বুঝতে পারে এবং বোলারদের পরিকল্পনা পড়ে সেই অনুযায়ী ব্যাটিং করতে পারে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়ার পর আইপিএলের অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন বৈভব। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ১৭ বলে ৫২ রানের এক টর্নেডো ইনিংস খেলেছে। এখন পর্যন্ত পাঁচ ইনিংস শেষে তার স্ট্রাইক রেট অবিশ্বাস্য—২৬৩-এর উপরে! এমনকি জসপ্রিত বুমরার মতো বিশ্বসেরা বোলারকেও প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নিজের অদম্য সাহসের প্রমাণ দিয়েছেন এই কিশোর।

অতি-আক্রমণাত্মক মেজাজে খেলতে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 'গোল্ডেন ডাক' (প্রথম বলে আউট) মেরেছেন তিনি। তবে এতে মোটেও বিচলিত নন সাঙ্গাকারা। তার মতে, টি-টোয়েন্টিতে ওপেনারদের কাজই হলো শুরু থেকে আক্রমণ করা এবং ভুল থেকেই একজন ক্রিকেটার শিক্ষা নেয়। সাঙ্গাকারা চান, বৈভব যেন বড় কোনো চাপ ছাড়াই সেই ১৫ বছরের কিশোরের বিস্ময় ভরা চোখ নিয়ে ব্যাটিং চালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত