ভোলা সদর উপজেলায় বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী নাছিমা বেগমকে কুপিয়ে হত্যা এবং তার ৭ বছর বয়সী ছেলেকে আবিরকে ছুরিকাঘাতে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জিহাদ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে।
আজ রবিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে একই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই ভোলা সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জিহাদ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, পরিহিত কাপড় এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
