চট্টগ্রামের মিরসরাইয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে এক ব্যবসায়ী। এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর করে ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পারভেজ হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দুলাল মিয়া বাড়ির মহিউদ্দিনের ছেলে। তিনি একটি কোম্পানির ডিলারশিপ ব্যবসার সঙ্গে জড়িত।
জানা গেছে, শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুছিয়ে পারভেজ হোসেন তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বড়তাকিয়া বাজার থেকে ব্যবসার ১ লাখ ৪৬ হাজার টাকা সংগ্রহ করেন। এরপর একটি স্থানীয় সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা দিলে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে।
পারভেজ সিএনজি থেকে নেমে শ্বশুরবাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় আগে থেকে পিছু নেওয়া ছিনতাইকারীরা তাকে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নেয়। এ সময় তার চোখ-মুখ বেঁধে এবং মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে অচেতন অবস্থায় শ্বশুরবাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর শ্বশুর মো. মফিজ জানান, স্থানীয় লোকজন অচেতন অবস্থায় পারভেজকে পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ব্যবসায়ী থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ভুক্তভোগী লিখিত কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।