পাম্পে নিজের সিগারেটের আগুনে জ্বলে গেল মোটরসাইকেল

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে একটি ফিলিং স্টেশনে সিগারেটের আগুন থেকে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মেসার্স অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এতে ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মোটরসাইকেলটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর তেলের পাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতার ঘাটতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ফিলিং স্টেশন এলাকায় ধূমপান থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী পাম্পে তেল নেওয়ার পর টাংকির মুখ বন্ধ না করে সিগারেট খেতে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত