ধর্ষণে ব্যর্থ হয়ে ৬ বছরের শিশুকে হত্যা

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ছয় বছরের শিশু নিশাত জাহানকে ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতে হত্যা করে প্রতিবেশী মো. ইছা মিয়া। এ ঘটনায় রহস্য উদঘাটন ও হত্যাকারী ইছা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশ ও পরিবারের স্বজনরা জানান, গত ১৫ এপ্রিল দুপুরে মোহনপুর গ্রামের নিজ বাড়ি থেকে চিপস কিনতে গিয়ে নিখোঁজ হয় স্থানীয় ডিএমসি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি বিভাগের শিক্ষার্থী শিশু নিশাত জাহান। পরে ঘটনার দুদিন পর গত ১৭ এপ্রিল দুপুরে বাড়ির পাশের ঝোপ থেকে অর্ধগলিত অবস্থায় শিশু নিশাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু নিশাত মোহনপুর গ্রামের মো. আবু সাদেকের মেয়ে।

এ ঘটনায় শিশুটির মা আকলিমা আক্তার বাদী হয়ে গত শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ওইদিন বিকেলে এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক মো. ইছা মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে এ হত্যার দায় শিকার করেন তিনি।

জিজ্ঞাসাবাদে ইছা পিবিআইকে জানান, শিশুটিকে নিয়ে তিনি দিনভর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুলপুর, শহরের বিভিন্ন এলাকা ঘোরাফেরা করেন। পরে রাতে নির্জন ফাঁকা বাসায় অসৎ উদ্দেশ্যে শিশুটিকে নিয়ে যান। এক পর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্না করতে থাকে এবং এ ঘটনা তার মা-বাবাকে জানিয়ে দেবে বলে ইছাকে জানায়। মূলত ধর্ষণের চেষ্টায় ব্যর্থ এবং বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় বলে পিবিআইকে জানান ইছা মিয়া।

এদিকে ইছাকে গ্রেপ্তারের খবরে এলাকাবাসী তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষুব্ধ গ্রামবাসী ইছার অটোরিকশাসহ তার বসতঘর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেন। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শিশুটির নানা লোকমান হোসেন জানান, নাতনির সঙ্গে যে ঘটনা ঘটেছে, এমন ঘটনা যেন আর কোনো শিশুর সঙ্গে না ঘটে। আমরা তার বিচার দাবি করছি। ফাঁসি না হওয়া পর্যন্ত ঘাতকের ক্ষমা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত