হাদি হত্যা মামলা

১২ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ 

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:২১ এএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত শেষে প্রতিবেদন দিতে আরও সময় পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রবিবার ধার্য দিনে সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আগামী ৫ মে নতুন তারিখ ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২তম বারের মতো পেছাল।

গত ৬ জানুয়ারি ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এতে প্রধান আসামি করা হয় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে। গত ১৫ জানুয়ারি এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজি দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের। এর পরিপ্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্ত করে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত।

 অভিযোগপত্রভুক্ত ছয় আসামি এখনো পলাতক। অপর ১১ আসামি কারাগারে আছেন। ঘটনার পর পালিয়ে যাওয়া আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গত ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত