নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলা

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:২২ এএম

নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. নূর সাখাওয়াত হোসেনের ওপর মব সৃষ্টি করে হামলা চালানো হয়েছে। গতকাল রবিবার সকালে কলেজে অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন সকাল সাড়ে ৯টার দিকে কলেজে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় এলাকার আমজাদ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত কলেজ ক্যাম্পাসে ঢোকে। তারা অধ্যক্ষের কক্ষে ঢুকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে  অধ্যক্ষকে টেনেহিঁচড়ে অফিস কক্ষ থেকে বের করে বারান্দায় নিয়ে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। এ সময় কলেজের শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ ঘটনায় অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘এলাকার আমজাদ হোসেন, নাজমুল হোসেন বাদল, আব্দুল জলিল, জুয়েল, আল আমিন, মিল্লাত ভূঁইয়া, হাসনাত ভূঁইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী অফিস কক্ষে ঢুকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়।’

অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, টেনেহিঁচড়ে বারান্দায় এনে কয়েকজন সন্ত্রাসী অধ্যক্ষকে লাঞ্ছিত করছে।

এর আগে গত ২৬ জানুয়ারি অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনকে স্বপদে বহাল রাখার দাবিতে কলেজের প্রধান ফটকের সামনে অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে আমজাদ হোসেন ও নাজমুল হোসেন বাদলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে অংশগ্রহণকারী নারীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং তাদের হাতে থাকা ব্যানার ছিনিয়ে নিয়ে মারধর করে। ওই ঘটনার ফুটেজ সাংবাদিকরা সংগ্রহ করতে গেলে উল্লেখিত সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

গতকালের ঘটনার বিষয়ে জানতে আমজাদ হোসেন ও নাজমুল হোসেন বাদলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেনি।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত