নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে কৃষাণীর মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ্য হয়ে লাভলী বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন কৃষাণী ও গৃহিণী।         

জানাগেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাড়িয়ে এবং প্রচণ্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়।  

শহরের মাছিমদিয়া গ্রামের তামিম বলেন, ওই মহিলা মাছিমদিয়া পাম্প থেকে ৩ লিটার তেল নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ্য হয়ে পড়লে ভ্যানযোগে জেলা হাসপাতালে নিয়ে যাই। তখনও তিনি জীবিত ছিলেন। চিকিৎসা শুরুর মুহুর্তে তার মৃত্যু হয়। ওই নারীর তিন লিটার তেল আমার কাছে রয়েছে।

লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, আমার বোন লাভলী বেগম একজন কৃষাণী। দুলাভাই ডাব বিক্রি করে। আপা বোরো ধানে সেচ দেয়ার জন্য সকাল ৮টার দিকে ডিজেল আনতে পাম্পে যান। প্রচণ্ড গরমে অসুস্থ্য হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস জানান, অসুস্থ্য অবস্থায় ৫০ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত