হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে গঙ্গাস্নান ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান। সোমবার (২০ এপ্রিল) ভোর থেকেই সাগরকন্যা কুয়াকাটায় জড়ো হন হাজারো পুণ্যার্থী।
আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভোর ৫টা থেকে শুরু হয় আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মায়ের পূজা। পরে সকাল ১০টার দিকে সমুদ্রসৈকতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়া তিথি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এর জন্ম হয়, যা পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। এছাড়া এদিনই বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন বলে বিশ্বাস করা হয়।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামীসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তরা অংশ নেন ধর্মীয় আলোচনা, গীতা পাঠ ও প্রার্থনায়। অনেককে পরিবার-পরিজন নিয়ে স্নান শেষে ধর্মীয় আচার পালন করতে দেখা যায়।
পিরোজপুর থেকে আগত এক ভক্ত জানান, এই তিথিতে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয় এবং জীবনের দুঃখ-কষ্ট দূর হয় বলে তাদের বিশ্বাস।
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন বলেন, প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় অক্ষয় তৃতীয়া উদযাপন করা হয়েছে। আগত ভক্তদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা পাওয়া গেছে।
প্রতিবছরের মতো এবারও হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত।
নতুন ইচ্ছার কথা জানালেন অপু