কবিতা

সোনার অশ্ব

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

মাঝেমধ্যে স্বপ্নের ঘোরেও ভুলচুক হয়ে যায়
মেলে না মানসাঙ্কের হিসাব, মনে হয় খোয়া গেছে
                                         সহায়-সম্পদ বিপুল,
দেখি—কাচের আলমিরায় থরে বিথরে সাজানো বইপত্তর,
ছাদ থেকে ঝুলছে ফানুস, তাতে লেখা বিসর্গ অনুস্বার—
পোড়ামাটির মহিষ এক চশমাচোখে পড়ছে
                                           গদ্য-পদ্য বিলকুল;

আমার বাংলাঘরের বারান্দায় রাতের আঁধারে
রেখে গেছে কেউ লোহিত রঙের ডাকবাক্স এক
                             জড়ানো তা শিশিরসিক্ত বেলফুলে,
আয়নায় দেখি—কার দেহহীন অজানা মস্তক
                   ঝাঁকে ঝাঁকে ঘাসফড়িং বসে আছে খোলা চুলে;

কোথাকার কুলত্যাগী কোকিল এক ছো মেরে
                          তুলে নেয় আমার খেলনা জুড়িগাড়ি,
উটের পিঠে চেপে মরুপথে চলে বৃক্ষ এক—
                              তিতকুটে পত্রালি শোভিত ঘোড়ানিম,
স্বপ্নের পালতোলা জাহাজে কখনো মালাক্কা প্রণালি দিই পাড়ি,
বাস্তবে ঘটে না কিছু—পাড়ে না সোনার অশ্ব কোনো ঘোড়ার ডিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত