গাইবান্ধার গোবিন্দগঞ্জে সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রতিটি রুমে সিসি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অথচ সিসি ক্যামেরা কেনার জন্য সরকারিভাবে কোনও বরাদ্দ করা হয়নি। এনিয়ে বেশ কিছু কেন্দ্র সচিব বেকায়দায় পড়েছেন। তারা কেন্দ্র রক্ষার্থে ধার-দেনা করে কিনছেন সিসি ক্যামরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকাসহ ১৭টি ইউনিয়নে উচ্চ বিদ্যালয় রয়েছে ৮২টি, দাখিল মাদরাসা ৫৯টি ও ভোকেশনাল ৮টি সর্বমোট ১৪৯টি বিদ্যালয় আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮ হাজার ৭৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা। সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে।
সূত্রমতে, উপজেলায় মোট ১৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে হাইস্কুল কেন্দ্র ৯টি, ভোকেশনাল কেন্দ্র ৪টি ও দাখিল মাদরাসা কেন্দ্র ৩টি। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের গড়ে ২০টি করে কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই হিসেবে ৩২০টি সিসি ক্যামেরা প্রয়োজন হবে। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্র লাগবে একটি করে মনিটর।
ক্যামরা অপারেটর হেলাল উদ্দিন জানান, মনিটরসহ ৩২০টি সিসি ক্যামরা ক্রয়সহ ব্যবহারে উপযোগী করতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন হতে পারে।
পিয়ারাপুর ইসলামিয়া হবিবুল্লাহ মন্ডল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব আনিসুর রহমান জানান,পরীক্ষা কেন্দ্রের সিসি ক্যামরা কেনার জন্য সরকারিভাবে কোনও বরাদ্দ নেই। কেন্দ্র সচিবদের ওপর দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে আমরা কেন্দ্রের প্রত্যেকটি কক্ষের জন্য সিসি ক্যামরার ব্যবস্থা করেছি।
গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. শাহনাজ বেগম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিসি ক্যামরা ক্রয়ের জন্য বাবদ বরাদ্দ না থাকলেও সরকারি নির্দেশনা মানতে হবে।
