নেত্রকোনায় ৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে ৫ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি পাগাইরা খালের রুহানীকান্দা এলাকায় মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী তিনজন প্রতিনিধি একত্রে এই খনন কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে তীব্র সেচ সংকট দেখা দিত। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগে এই খনন কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, সেচ সুবিধা বাড়বে এবং খালের পানিতে মাছ চাষের সম্ভাবনা সৃষ্টি হবে।

উদ্বোধনকারী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি অঞ্জন চিসাম বলেন, আমরা খুবই আনন্দিত ও গর্বিত। ডেপুটি স্পিকারের উদ্যোগে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম। তিন ধর্মের মানুষ মিলেমিশে এই কাজের উদ্বোধন করা প্রমাণ করে যে, আমরা এ অঞ্চলে পরম সৌহার্দ্যে বসবাস করছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি হতে শুকনাকুড়ি হয়ে পূর্বদিকের গলইখালি ব্রিজ সংলগ্ন কংশ নদী পর্যন্ত মোট ৫ হাজার মিটার খাল খনন করা হবে। এই প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। খনন কাজ শেষ হলে আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, ডেপুটি স্পিকার সরাসরি তত্ত্বাবধানে ও নির্দেশনায় এই খনন কাজ শুরু হয়েছে এবং যথাযথভাবে এটি বাস্তবায়ন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, খালগুলো ভরাট হওয়ায় কৃষকদের ফসল ফলাতে অনেক কষ্ট হতো। এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে গতি আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত