বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, ‘সচেতনতার ঘাটতিতে দেশে অসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে।’ এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমকর্মীদের লেখনী ও সংবাদ উপস্থাপনার মাধ্যমে দেশবাসীকে এই মরণঘাতী রোগ সম্পর্কে সচেতন করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘একটি দায়িত্বশীল সরকার হিসেবে আমাদের দায়িত্ব শিশুদের পর্যাপ্ত চিকিৎসাসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকার সে দায়িত্ব যথাযথভাবে পালন করছে।’
বর্তমান সময়ে জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও আগের সরকার তা উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি। বরং আমদানিনির্ভর নীতির কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছে, যার প্রভাব এখন দেশের অর্থনীতিতে পড়ছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মঞ্জুর এ এলাহী, পরিবার পরিকল্পনা দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. আবুল কালাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মনিরুল আলম, বিভাগীয় নিউট্রিশন অফিসার ডা. শাহনাজ বেগম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব প্রমুখ।
