প্রচণ্ড গরমের আভাস তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ এএম

দেশজুড়ে বাড়তে থাকা তাপমাত্রা আরও তীব্র আকার ধারণের ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েক দিনে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা বেড়ে অসহনীয় পর্যায়ে পৌঁছাতে পারে। ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিরও আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ২১ এপ্রিল থেকে ২৫-২৬ এপ্রিল পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলে তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় এই সময়ের মধ্যে মাঝারি থেকে তীব্র মাত্রার তাপপ্রবাহ দেখা দিতে পারে।

পূর্বাভাস অনুযায়ীরাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া এবং আশপাশের জেলাগুলোয় তাপমাত্রা সবচেয়ে বেশি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা চলতি মৌসুমে জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। অন্যদিকে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। ফলে শহর ও গ্রাম উভয় এলাকাতেই গরমের প্রভাব সমানভাবে অনুভূত হবে।

এ অবস্থায় বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তীব্র গরম শুধু অস্বস্তি নয়, বরং হিটস্ট্রোকসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। তাই দিনের সবচেয়ে উষ্ণ সময়, অর্থাৎ দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা, হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া এবং সরাসরি রোদ এড়িয়ে চলার ওপর বিশেষজ্ঞরা গুরুত্ব দিয়েছেন।

এ ছাড়া পানি পানের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। অনেকেই গরমে দ্রুত স্বস্তি পেতে অতিরিক্ত ঠান্ডা পানি পান করেন, তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই তাদের পরামর্শ স্বাভাবিক তাপমাত্রার পানি পান করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত