সিনেমার পর্দার আড়ালে যে মূল চালিকাশক্তি কাজ করে, তা হলো ফিল্ম স্টুডিও। বৈশ্বিক প্রেক্ষাপটে স্টুডিওগুলোই ঠিক করে দেয় আমরা রুপালি পর্দায় কোন স্বপ্ন কীভাবে দেখব। এ বিষয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব
সিনেমা মানে কেবল পর্দার সামনে প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর আবেগঘন পারফরম্যান্স নয়; বরং এর পেছনে কাজ করে এক বিশাল, বহুস্তরীয় ও জটিল যন্ত্রণা যেখানে হাজারো মানুষের সৃজনশীল শ্রম, বিশাল অঙ্কের বিনিয়োগ এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয় একেকটি ভিজ্যুয়াল মহাকাব্য। এই সমগ্র প্রক্রিয়ার প্রাণকেন্দ্র হলো ফিল্ম স্টুডিও যাকে সহজভাবে শুটিংয়ের জায়গা ভাবলে ভুল হবে। একটি ফিল্ম স্টুডিও আসলে একটি অদৃশ্য সাম্রাজ্য, যেখানে একই ছাদের নিচে গল্পের জন্ম, বিকাশ এবং পরিণতি ঘটে।
এই স্টুডিওগুলো একেকটি সৃজনশীল গবেষণাগার। এখানে চিত্রনাট্যকাররা কল্পনার বীজ বপন করেন, পরিচালক সেই বীজকে রূপ দেন ভিজ্যুয়াল ভাষায়, আর শিল্প নির্দেশক, ভিএফএক্স শিল্পী, সাউন্ড ডিজাইনারসহ অসংখ্য পেশাজীবী মিলে সেই কল্পনাকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসেন।
কিছু স্টুডিও রয়েছে যারা তাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য, ধারাবাহিক সফলতা এবং সাংস্কৃতিক প্রভাবের কারণে বিশ্বজুড়ে সম্মানিত। তারা সিনেমার ভাষা, ধরন এবং ব্যবসায়িক কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে, কিছু স্টুডিও আবার প্রচলিত ধারা ভেঙে সম্পূর্ণ নতুন পথে হাঁটার সাহস দেখিয়েছে। তারা নতুন প্রযুক্তি, নতুন গল্প বলার কৌশল এবং ভিন্নধর্মী প্রযোজনার মাধ্যমে সিনেমাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। এই সাহসী উদ্ভাবনই তাদের করে তুলেছে প্রেস্টিজিয়াস এবং ইনোভেটিভ।
সিনেমার লেগাসি বিল্ডাররা
সিনেমার ইতিহাস নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে ওয়ার্নার ব্রাদার্স-এর নাম। ১৯২৩ সালে চার ভাইয়ের হাত ধরে শুরু হওয়া এই স্টুডিওটি গত ১০০ বছরে হয়ে উঠেছে শক্তিশালী স্টোরিটেলিংয়ের সমার্থক। তারা কেবল ছবি বানাননি, বরং সবাক চলচ্চিত্রের প্রবর্তন করে সিনেমার ব্যাকরণ বদলে দিয়েছিলেন। হ্যারি পটার সিরিজ থেকে শুরু করে ক্রিস্টোফার নোলানের দ্য ডার্ক নাইট ট্রিলজি পর্যন্ত তারা প্রমাণ করেছেন যে একটি বিশাল বাণিজ্যিক ক্যানভাসেও অত্যন্ত গভীর জীবনদর্শন এবং মনস্তাত্ত্বিক জটিলতা তুলে ধরা সম্ভব। তাদের মূল শক্তি হলো আইকনিক চরিত্রগুলোকে ফ্র্যাঞ্চাইজ আকারে বছরের পর বছর দর্শকদের মনে বাঁচিয়ে রাখা এবং সমসাময়িক গল্পের পাশাপাশি ফ্যান্টাসি ও ড্রামায় ভারসাম্য বজায় রাখা।
এরপরই আসে প্যারামাউন্ট পিকচার্স-এর কথা, যা হলিউডের ইতিহাসের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী শক্তি। তাদের স্টুডিওর গেট দিয়ে ঢোকা মানেই হলো সিনেমার স্বর্ণযুগে প্রবেশ করা। টাইটানিক কিংবা মিশন ইমপসিবল-এর মতো ছবিগুলোর মাধ্যমে তারা বিশ্বজুড়ে ব্লকবাস্টার সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছে। প্যারামাউন্ট সবসময় জোর দিয়েছে বিশাল সেট, ধ্রুপদী নির্মাণশৈলী এবং তারকাদের গ্ল্যামারের ওপর। তাদের স্টুডিওর প্রতিটি ফ্রেম যেন আভিজাত্য আর রোমাঞ্চের এক অনন্য মিশেল, যা দর্শকদের সাধারণ জগৎ থেকে সরিয়ে এক জাদুকরী জগতে নিয়ে যায়।
অন্যদিকে ইউনিভার্সাল পিকচার্স সম্পর্কে বলতে গেলে বলতে হয় তাদের বৈচিত্র্য এবং সাহসের কথা। গত এক শতাব্দী ধরে তারা হরর সিনেমা থেকে শুরু করে সায়েন্স ফিকশন পর্যন্ত সবখানে রাজত্ব করেছে। জুরাসিক পার্ক-এর বিশালাকার ডাইনোসরদের জীবন্ত করে তোলা থেকে শুরু করে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের গতিময় এবং অ্যাকশন নির্ভর জগৎ তারা দর্শকদের বিনোদনের প্রতিটি শাখা স্পর্শ করেছেন। এই স্টুডিওগুলো কেবল অর্থ বিনিয়োগ করেনি, বরং তারা শিখিয়েছে কীভাবে স্বপ্নকে সেলুলয়েডে বন্দি করে তাকে একটি গ্লোবাল ব্র্যান্ডে রূপান্তর করতে হয়।
উদ্ভাবন এবং সৃজনশীলতা
প্রথাগত সিনেমার কাঠামোর বাইরে গিয়ে যারা প্রযুক্তির চূড়ান্ত ব্যবহার এবং নতুন ধারার গল্প বলার সাহস দেখিয়েছে, তাদের মধ্যে পিক্সার অ্যানিমেশন স্টুডিওস অনন্য। এক সময় অ্যানিমেশন মানেই ছিল হাতে আঁকা কার্টুন, কিন্তু পিক্সার সেই ধারণা ধূলিসাৎ করে দেয়। টয় স্টোরি সিনেমার মাধ্যমে তারা বিশ্বের সামনে প্রথম পূর্ণদৈর্ঘ্য সিজিআই মুভি নিয়ে আসে, যা অ্যানিমেশনের জগতে এক মহাবিপ্লব ঘটিয়েছিল। কেবল কারিগরি দক্ষতা নয়, বরং প্রাণহীন বস্তুর মধ্যে আবেগ এবং মানবিক গল্প বলার ক্ষমতায় পিক্সার আজও অপ্রতিদ্বন্দ্বী। তারা প্রমাণ করেছে যে কম্পিউটার দিয়ে তৈরি চরিত্রও মানুষের চোখে জল এনে দিতে পারে।
উদ্ভাবনের এই মিছিলে মার্ভেল স্টুডিওস পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে নতুন একটি দর্শন শিখিয়েছে যাকে বলা হয় শেয়ারড সিনেমাটিক ইউনিভার্স। তারা বিচ্ছিন্ন কিছু ছবি না বানিয়ে একটি বিশাল গল্পের জাল বুনেছে, যেখানে একটি সিনেমার চরিত্র অন্য সিনেমায় প্রবেশ করে। এমসিইউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স কেবল একটি ফ্র্যাঞ্চাইজ নয়, বরং এটি একটি বৈপ্লবিক ব্যবসায়িক মডেল যা বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন ডলারের মুনাফা নিশ্চিত করার পাশাপাশি দর্শকদের মধ্যে এক ধরনের কমিউনিটি তৈরি করেছে। তাদের এই মডেল এখন অনেক বড় স্টুডিও অনুকরণ করার চেষ্টা করছে।
তবে উদ্ভাবন মানেই কেবল প্রযুক্তির ঝনঝনানি নয়, বরং মেধার লড়াইও বটে। আর এখানেই উঠে আসে এ টুয়েন্টি ফোর বা এ২৪ স্টুডিওর নাম। যখন বড় স্টুডিওগুলো কেবল সিক্যুয়েল আর সুপারহিরো মুভি নিয়ে ব্যস্ত, তখন এ২৪ ছোট বাজেটে অত্যন্ত শক্তিশালী এবং শৈল্পিক আইডিয়া নিয়ে হাজির হয়েছে। তারা ঝুঁকি নিতে ভয় পায় না, যার প্রমাণ তাদের অস্কার জয়ী সিনেমা এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স। মাল্টিভার্সের মতো জটিল বিষয়কে তারা যেভাবে হাস্যরস এবং আবেগের সঙ্গে মিশিয়ে পরিবেশন করেছে, তা সিনেমার সংজ্ঞাকেই নতুন করে নির্মাণ করেছে।
বিশ্বমঞ্চের গ্লোবাল পাওয়ার হাউজ
সিনেমা এখন আর কেবল হলিউডের ড্রয়িংরুমের গল্প নয়, বরং এটি একটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। জাপানের টোহো কোম্পানি লিমিটেড তার অন্যতম বড় প্রমাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এই স্টুডিওটি জাপানিজদের সাহসের প্রতীক হিসেবে গডজিলা’র মতো কালজয়ী চরিত্র তৈরি করেছে। টোহো স্টুডিও কেবল দানবীয় যুদ্ধ দেখায়নি, বরং তাদের সিনেমার মাধ্যমে জাপানিজ সংস্কৃতি, ঐতিহ্য এবং পারমাণবিক যুদ্ধের আতঙ্ককেও বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে। তাদের হাত ধরেই জাপানিজ সিনেমা বিশ্ব মানচিত্রে একটি স্থায়ী এবং সম্মানজনক জায়গা করে নিয়েছে।
একইভাবে দক্ষিণ কোরিয়ার সিজে এন্টারটেইনমেন্ট বর্তমানে একটি গ্লোবাল পাওয়ার হাউজ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের দীর্ঘদিনের বিনিয়োগ এবং সঠিক পরিকল্পনার ফসল হলো বিশ্বখ্যাত সব কোরিয়ান কন্টেন্ট। বিশেষ করে তাদের প্রযোজিত প্যারাসাইট সিনেমাটি যখন অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতল, তখন সারা পৃথিবী নতুন করে বুঝতে পারল যে ভাষার দেয়াল আসলে খুব সামান্য একটি বিষয়। দক্ষিণ কোরিয়ার এই স্টুডিওটি শিখিয়েছে কীভাবে নিজস্ব স্থানীয় গল্পের মধ্যে সামাজিক বৈষম্য আর মানবিক টানাপড়েন মিশিয়ে তাকে বিশ্বজনীন করে তোলা যায়।
অন্যদিকে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বলিউডের ইয়াশ রাজ ফিল্মসের নাম অবধারিতভাবে চলে আসে। ভারতীয় সিনেমার চিরচেনা রোমান্টিকতা, আভিজাত্য এবং তীব্র আবেগ বা ইমোশনকে গ্লোবাল মার্কেটে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে তাদের ভূমিকা অনস্বীকার্য। তারা কেবল সিনেমা বানায় না, বরং একটি জীবনধারা বা লাইফস্টাইল দর্শকদের সামনে তুলে ধরে। বড় বাজেটের অ্যাকশন মুভি থেকে শুরু করে মন ছুঁয়ে যাওয়া মিউজিক্যাল ড্রামা সবখানেই তারা ভারতীয় সিনেমাকে বিদেশের বাজারে প্রতিযোগিতামূলক করে তুলেছে। এই স্টুডিওগুলো সম্মিলিতভাবে প্রমাণ করেছে যে মেধা, নিজস্ব সংস্কৃতি এবং সঠিক ব্যবসায়িক দূরদর্শিতা থাকলে স্থানীয় গল্প দিয়েও অনায়াসেই বিশ্বজয় করা সম্ভব।
প্রযুক্তি এবং ভবিষ্যতের সিনেমা
বর্তমান সময়ে ফিল্ম স্টুডিও মানেই কেবল ক্যামেরা আর লাইট নয় বরং এটি এখন ডেটা এবং অ্যালগরিদমের খেলা। ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক বা আইএলএম-এর মতো ভিএফএক্স কোম্পানিগুলো সিনেমার দৃশ্যকল্পকে এমন উচ্চতায় নিয়ে গেছে যা আগে কল্পনা করাও কঠিন ছিল। সিজিআই এবং এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এখন মৃত অভিনেতাদেরও পর্দায় ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। ভার্চুয়াল প্রোডাকশন প্রযুক্তির কল্যাণে স্টুডিওর ভেতরে বসেই যে কোনো দুর্গম এলাকার দৃশ্য জীবন্ত করে তোলা হচ্ছে। এর পাশাপাশি স্ট্রিমিং প্লাটফর্মগুলোর উত্থান এই শিল্পে নতুন মোড় এনেছে। নেটফ্লিক্স এবং অ্যামাজন স্টুডিওস এখন কেবল ডিস্ট্রিবিউটর নয় বরং তারা নিজেরাই বিশ্বমানের অরিজিনাল কন্টেন্ট তৈরি করছে। তারা মানুষের পকেটে সিনেমা হল পৌঁছে দিয়েছে যা বড় স্টুডিওগুলোর চিরাচরিত ব্যবসায়িক মডেলে বড় পরিবর্তন আনতে বাধ্য করছে। প্রযুক্তির এই জয়জয়কার সিনেমার ভবিষ্যৎকে আরও রোমাঞ্চকর করে তুলছে।
প্রভাব প্রতিপত্তির নেপথ্যে
প্রশ্ন জাগতে পারে কেন নির্দিষ্ট কিছু স্টুডিও বছরের পর বছর ধরে প্রভাবশালী হয়ে থাকে। এর পেছনে প্রথম কারণ হলো তাদের আকাশছোঁয়া বাজেট। একটি বড় বাজেটের সিনেমা মানেই হলো উন্নত প্রযুক্তির ব্যবহার এবং বিপণনের বিশাল আয়োজন। দ্বিতীয়ত হলো গ্লোবাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। একটি সিনেমা আমেরিকায় রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে তা যেন বাংলাদেশ বা জাপানের কোনো হলে পৌঁছাতে পারে সেই পরিকাঠামো এই বড় স্টুডিওগুলোর হাতে রয়েছে। এছাড়া তাদের ব্র্যান্ড ভ্যালু দর্শকদের মনে এক ধরনের বিশ্বস্ততা তৈরি করে। মানুষ যখন দেখে কোনো মুভির শুরুতে ওয়ার্নার ব্রাদার্স বা মার্ভেলের লোগো ভেসে উঠছে তখন তারা অবচেতনভাবেই এক ধরনের গুণগত মানের নিশ্চয়তা পায়। সবচেয়ে বড় কথা হলো এই স্টুডিওগুলো বিশ্বের সেরা ট্যালেন্ট বা মেধাবীদের আকর্ষণ করার ক্ষমতা রাখে। সেরা পরিচালক লেখক আর টেকনিশিয়ানরা সবসময় বড় ক্যানভাসে কাজ করতে চান আর সেই সুযোগটি কেবল এই প্রভাবশালী স্টুডিওগুলোই দিতে পারে।
