স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস, সহমর্মিতা, ত্যাগ ও বোঝাপড়ায় পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়। এই বন্ধনের মধ্যেই মানুষ খুঁজে পায় আশ্রয়, মানসিক প্রশান্তি এবং জীবনের প্রকৃত স্বস্তি। আর পরিবারকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করে তোলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্ত্রী। একজন স্ত্রী পরিবারের আবেগ, ভারসাম্য ও স্থিতিশীলতার অন্যতম প্রধান স্তম্ভ। তার ভালোবাসা সংসারে উষ্ণতা এনে দেয়, তার ধৈর্য কঠিন পরিস্থিতিকে সহজ করে তোলে, তার প্রজ্ঞা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং তার চরিত্র পুরো পরিবারের পরিবেশকে প্রভাবিত করে। অনেক সময় একটি পরিবারের সুখ-শান্তি, স্থিতিশীলতা ও সৌন্দর্য নির্ভর করে সেই ঘরের স্ত্রীর চিন্তাভাবনা, ব্যবহার ও ব্যক্তিত্বের ওপর।
ইসলাম নারীর মর্যাদাকে অত্যন্ত উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছে। ইসলাম একজন নারীকে কেবল একজন স্ত্রী বা মা হিসেবেই দেখেনি, বরং তাকে প্রজন্মের নির্মাতা, পরিবারের ভিত্তি এবং সমাজের গঠনে অপরিহার্য শক্তি হিসেবে মূল্যায়ন করেছে। একজন নেককার স্ত্রীর মাধ্যমে গড়ে ওঠে সুন্দর পরিবার, আদর্শ প্রজন্ম এবং কল্যাণকর সমাজ। ইসলামের আলোকে একজন আদর্শ স্ত্রী হলেন এমন একজন নারী যিনি তার ইমান, চরিত্র, প্রজ্ঞা, ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে নিজের পরিবারকে শান্তি, সৌন্দর্য ও বরকতে পূর্ণ করে তোলেন। তিনি স্বামীর প্রশান্তির আশ্রয়, দুঃসময়ের সাহস, ক্লান্ত হৃদয়ের স্বস্তি এবং জীবনের কঠিন পথচলার সবচেয়ে নির্ভরযোগ্য সহযাত্রী।
একজন আদর্শ স্ত্রী এমন এক নেয়ামত, যার মাধ্যমে একটি সাধারণ পরিবারও হয়ে উঠতে পারে ভালোবাসা, রহমত ও সুখে পরিপূর্ণ জান্নাতের মতো আবাস। ইসলামের আলোকে আদর্শ স্ত্রীর গুণগুলো হলো দৃঢ় ইমান ও তাকওয়া, নম্রতা ও সুন্দর আচরণ, বিশ্বস্ততা ও সততা, লজ্জাশীলতা, স্বামীর প্রতি বিশ্বস্ততা, ধৈর্য, সহমর্মিতা, প্রজ্ঞা, আত্মত্যাগ এবং নৈতিকতার প্রতি অবিচলতা।
ইমান ও তাকওয়া : একজন আদর্শ স্ত্রীর প্রথম ও প্রধান পরিচয় তার ইমান ও তাকওয়া। কারণ নারীর চরিত্র, আচরণ, জীবনদর্শন এবং পরিবারের প্রতি প্রভাব, সবকিছুই তার অন্তরের ইমানের ওপর নির্ভরশীল। যে নারীর হৃদয়ে আল্লাহর ভয়, ভালোবাসা এবং তার সন্তুষ্টি অর্জনের আকাক্সক্ষা বিরাজ করে, সে তার প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকে, তার প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরিপূর্ণ করার চেষ্টা করে।
ধৈর্য : সংসার জীবন সবসময় সুখের স্রোতে প্রবাহিত হয় না। জীবনের পথচলায় কখনো আসে স্বচ্ছলতা, কখনো অভাব, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো ভুল বোঝাবুঝি, কখনো মান-অভিমান, কখনো সম্পর্কের টানাপড়েন, এসবই পারিবারিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর এসব প্রতিকূলতার মাঝেই একজন নারীর প্রকৃত চরিত্রের প্রকাশ ঘটে। এই কারণেই একজন আদর্শ স্ত্রীর অন্যতম শ্রেষ্ঠ গুণ হলো ধৈর্য। কারণ ধৈর্য এমন এক মহৎ গুণ, যা মানুষকে বিপদের সময় স্থির থাকতে শেখায়, হতাশার মুহূর্তে আশার আলো দেখায় এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক পথে অটল থাকতে সাহায্য করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা ১৫৩) অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, ‘তোমরা ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।’ (সুরা হুদ ১১৫) এই আয়াতগুলো প্রমাণ করে, ধৈর্যধারণ করা এমন এক ইবাদত, যার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। ধৈর্যের অর্থ এই নয় যে, একজন মানুষ অন্যায়ের সামনে নির্বাক হয়ে থাকবে কিংবা নিজের কষ্ট প্রকাশ করবে না। বরং ধৈর্য মানে প্রতিকূল অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা, আবেগকে সংযত রাখা, হঠকারিতা থেকে বিরত থাকা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা।
একজন ধৈর্যশীল স্ত্রী কখনো রাগ, অভিমান কিংবা দুঃখের বশবর্তী হয়ে এমন কোনো কথা বা কাজ করেন না, যা পরবর্তীতে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। বরং তিনি প্রতিকূল মুহূর্তে নিজেকে সংযত রাখেন, পরিস্থিতিকে গভীরভাবে বোঝার চেষ্টা করেন এবং আবেগের পরিবর্তে প্রজ্ঞা দিয়ে সমস্যা মোকাবিলা করেন।
নম্রতা ও সুন্দর আচরণ : মানুষের এমন কিছু গুণ রয়েছে, যা একজন মানুষকে সবার কাছে প্রিয় করে তোলে। সেই গুণগুলোর মধ্যে অন্যতম নম্রতা ও সুন্দর আচরণ। একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার পোশাক, সম্পদ কিংবা বাহ্যিক রূপে নয়, বরং তার চরিত্র, কথাবার্তা ও ব্যবহারের মধ্যেই ফুটে ওঠে। বাহ্যিক সৌন্দর্য হয়তো কিছু সময়ের জন্য মানুষকে আকৃষ্ট করতে পারে, কিন্তু উত্তম চরিত্র এবং সুন্দর ব্যবহার এমন একটি গুণ, যা মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নেয়। একজন আদর্শ স্ত্রীর অন্যতম শ্রেষ্ঠ গুণ হলো নম্রতা, কোমলতা ও মার্জিত আচরণ। একজন স্ত্রী যদি রূঢ়, কঠোর ও অহংকারী হন, তাহলে সুন্দর পরিবেশও অশান্ত হয়ে উঠতে পারে। পক্ষান্তরে তিনি যদি কোমল, সুন্দর ব্যবহারের অধিকারিণী হন, তবে প্রতিকূল পরিবেশও প্রশান্তিতে ভরে উঠতে পারে। নম্রতা এমন এক সৌন্দর্য, যা একজন মানুষকে শুধু সম্মানিতই করে না, বরং তাকে সবার কাছে গ্রহণযোগ্য ও প্রিয় করে তোলে। আর সুন্দর আচরণ এমন এক সম্পদ, যা অর্থ দিয়ে অর্জন করা যায় না, কিন্তু যার মূল্য অসীম। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো।’ (সুরা বাকারা ৮৩)
বিশ্বস্ততা ও সততা : যেকোনো সম্পর্কের স্থায়িত্ব, সৌন্দর্য ও গভীরতার মূল ভিত্তি হলো বিশ্বাস। যেখানে বিশ্বাস আছে, সেখানে ভালোবাসা টিকে থাকে। যেখানে বিশ্বাস নেই, সেখানে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে দাম্পত্য জীবন এমন এক সম্পর্ক, যা কেবল ভালোবাসার ওপর নয়, বরং পারস্পরিক আস্থা, বিশ্বস্ততা ও সততার ওপর প্রতিষ্ঠিত।
স্বামী-স্ত্রীর সম্পর্ক এমন এক বন্ধন, যেখানে দুজন মানুষ একে অপরের কাছে নিজেদের জীবন, অনুভূতি, দুর্বলতা ও ব্যক্তিগত বিষয়সমূহ উন্মুক্ত করে দেয়। এই সম্পর্কের সৌন্দর্য তখনই বজায় থাকে, যখন উভয়ের মাঝে পরিপূর্ণ আস্থা ও নিরাপত্তাবোধ থাকে। আর সেই নিরাপত্তার সবচেয়ে বড় উৎস হলো একজনের প্রতি আরেকজনের বিশ্বস্ততা। একজন আদর্শ স্ত্রীর অন্যতম গুণ হলো তিনি বিশ্বস্ত, সৎ ও আমানতদার হন। তিনি জানেন, স্বামীর বিশ্বাস অর্জন করা যেমন কঠিন, তেমনি সেই বিশ্বাস ধরে রাখা আরও বড় দায়িত্ব। তাই তিনি তার কথা, কাজ, আচরণ ও চরিত্রের মাধ্যমে সবসময় প্রমাণ করেন তিনি বিশ্বাসের যোগ্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘পুণ্যবান স্ত্রীরা (আল্লাহ ও স্বামীর প্রতি) অনুগতা থাকে এবং পুরুষের অনুপস্থিতিতে তারা তা (তাদের সতীত্ব ও স্বামীর সম্পদ) সংরক্ষণ করে, যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন।’ (সুরা নিসা ৩৪) এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ একজন নেককার নারীর অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তার গোপনীয়তা রক্ষা, বিশ্বস্ততা ও আমানতদারিতার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ একজন উত্তম স্ত্রী সেই, যিনি স্বামীর অনুপস্থিতিতেও তার সম্মান, সম্পদ, মর্যাদা ও ব্যক্তিগত বিষয়গুলো রক্ষা করেন।
ভালোবাসা ও সহমর্মিতা : দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো ভালোবাসা ও সহমর্মিতা। এই দুই গুণ ছাড়া সম্পর্ক টিকে থাকে না। যেখানে ভালোবাসা ও সহমর্মিতা আছে, সেখানে সম্পর্ক শক্তিশালী, স্থিতিশীল ও শান্তিময় হয়। আর যেখানে এই গুণগুলো অনুপস্থিত, সেখানে ঝগড়া, দূরত্ব ও মনোমালিন্য জন্ম নেয়। কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর তার নিদর্শনাবলির মধ্যে একটি হলো, তিনি তোমাদের মধ্যে থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা রুম ২১) এই আয়াত আমাদের শেখায়, ভালোবাসা ও সহমর্মিতা দাম্পত্য জীবনের প্রাণ। একজন আদর্শ স্ত্রী শুধু স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং তিনি তার স্বামীর প্রতি সহানুভূতিশীল, তার অনুভূতিকে বোঝার চেষ্টা করেন এবং তার মানসিক ভারসাম্য রক্ষায় সদা সচেষ্ট থাকেন।
লেখক : শিক্ষার্থী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম