নবীজির জীবনে আমাদের পাঠ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩০ এএম

নবীজি (সা.)-এর জন্মমাস রবিউল আউয়াল। এ মাস এলে নানা স্থানে তার জীবনী চর্চার আয়োজন দেখা যায়। এটা খুবই ভালো একটি দিক। তবে এ চর্চা ধরে রাখতে হবে সারা বছর। মহান আল্লাহ বলেছেন, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব ২১)

নবীজি (সা.)-কে জানার অন্যতম ভালো উপায় হলো সিরাত তথা তার জীবনী পড়া। সিরাতগ্রন্থে তার শৈশব, নবুয়ত লাভ, মক্কার জীবন, হিজরত, মদিনার জীবন, পরিবার, সাহাবিদের সঙ্গে সম্পর্ক, সমাজ ও রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ ও সন্ধি, মানুষের সঙ্গে আচরণসহ জীবনের নানা দিক উঠে এসেছে। তাই তার জীবনী পড়া জরুরি।

আমরা অন্য অনেক বিষয় পড়ার জন্য সময় বের করি। কিন্তু যাকে ভালোবাসি বলে দাবি করি, তার জীবন জানার জন্য সময়ই বের করতে পারি না। অথচ নবীজি (সা.)-এর জীবনী এমন এক পাঠ, যা একবার পড়লে বারবার পড়তে ইচ্ছে করে।

সিরাত পড়তে গিয়ে নানা কারণে বিস্মিত হতে হয়। ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার জন্য নবীজি (সা.) কত ত্যাগ স্বীকার করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, ব্যক্তিগত জীবনে কত সরল ছিলেন, আর উম্মতের জন্য কতটা চিন্তা করতেন!

তার জীবনে এমন ঘটনাও রয়েছে, যেখানে নিজের ওপর নির্যাতন ও কষ্টের পরও তিনি ব্যক্তিগত প্রতিশোধ নেননি। তার দয়া, ক্ষমা, ধৈর্য, সত্যবাদিতা, বিনয় ও মানুষের প্রতি ভালোবাসা, সবকিছুই আমাদের জন্য শিক্ষা।

একজন মানুষ যখন নবীজি (সা.)-এর জীবনী পড়েন, তখন নিজের জীবনকে নতুন করে দেখার সুযোগ পান। কীভাবে কথা বলব, কীভাবে পরিবারকে সময় দেব, কীভাবে মানুষের সঙ্গে আচরণ করব, কীভাবে রাগ নিয়ন্ত্রণ করব, কীভাবে ক্ষমা করব, এসবের বাস্তব শিক্ষা তার জীবন থেকে পাওয়া যায়।

নবীজি (সা.)-কে ভালোবাসার দাবি তখনই অর্থবহ হবে, যখন তার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন হবে। মনে রাখতে হবে, আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন। আমরা কী চাই, কী করার চেষ্টা করছি এবং কী করছি না, সবই তার জানা। তাই শুধু মুখে নবীপ্রেম নয়, জীবনে তার আদর্শ ধারণের চেষ্টা করাই সবচেয়ে জরুরি।

বাংলা ভাষায় পাওয়া যায় এমন কয়েকটি প্রসিদ্ধ সিরাতগ্রন্থ হলো আর-রাহিকুল মাখতুম, সিরাতে মুস্তফা (সা.), সিরাতে ইবনে হিশাম, সিরাতুন নবী, প্রিয় নবীজি (সা.)-এর জীবনী, প্রশ্নোত্তরে সিরাতুন নবী (সা.), বিশ্বনবী (সা.)-এর জীবনী, মহানবীর (সা.) মহান জীবন ইত্যাদি।

শুধু এক মাস নয়, মহান আল্লাহ আমাদের সবাইকে সারা বছর নবীজি (সা.)-এর জীবনী চর্চা করার তৌফিক দান করুন। আমিন।

লেখক : ধর্মীয় নিবন্ধকার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত