ভারত ও মিয়ানমারের সীমান্ত অঞ্চলে সংঘটিত মাঝারি মাত্রার একটি ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা কম্পন অনুভূত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৯ মিনিটে এ ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মণিপুরে এবং ঢাকা থেকে এর দূরত্ব ছিল প্রায় ৪৩৬ কিলোমিটার। যার ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রুবাঈয়াৎ কবীর গণমাধ্যমকে জানান, এটি মাঝারি মাত্রার একটি ভূমিকম্প এবং এর কেন্দ্রস্থল ঢাকা থেকে বেশ দূরে হওয়ায় আতঙ্কের কোনো কারণ নেই। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে গতকাল পর্যন্ত দেশের ভেতর ও আশপাশের সীমান্ত এলাকায় মোট ৩২টি ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বৃহত্তর সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি, মোট ১০টি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, যেগুলোর বেশিরভাগই ডাউকি চ্যুতির নিকটবর্তী এলাকায় সংঘটিত।
