প্রকাশ্যে নারীকে অশ্লীল অঙ্গভঙ্গি, অটোরিকশাচালক গ্রেপ্তার

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

ফেনী শহরে এক নারীকে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক রুবেল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে ঘটনার চট্টগ্রামের থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে ফেনী মডেল থানার মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক তাকে দেখে অশ্লীল ভাষায় কথা বলতে থাকেন। নারী তাকে ভদ্র আচরণ করতে বললে তিনি আরও নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে তার বিকৃত লালসা চরিতার্থ করতে পরিহিত লুঙ্গি উঁচিয়ে ধরে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন।

পুরো ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় মঙ্গলবার (২১ এপ্রিল) ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তদন্তে নামে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই পারসিত চাকমা বাদীর ধারণ করা ভিডিও পর্যালোচনা করে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করেন।

এরপর পুলিশের একটি বিশেষ দল চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রুবেল খান বাগেরহাটের মোরেলগঞ্জের কালিকাবাড়ি গ্রামের খোকনের ছেলে। তিনি ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব উকিল পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালান। স্থানীয়ভাবে তিনি হাত কাটা রুবেল হিসেবে পরিচিত।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফয়জুল আজিম বলেন, রুবেলকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন দ্রুত পদক্ষেপকে অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত