হারিয়ে যাওয়া শখের মোবাইল ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে পুলিশ মোবাইল মালিকদের মুখে হাসি ফুটেছে। রাজধানীর বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বিভিন্ন সময় মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মালিকরা পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা নেয়। গত ১ মার্চ (রবিবার) থেকে ১০ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া এসব মোবাইল পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
