আবারও মঞ্চে নাট্যদল আরশিনগর ঢাকা প্রযোজিত বহুল আলোচিত নাটক ‘সিদ্ধার্থ’। গতকাল বুধবার শুরু হয়েছে নাটকটির প্রদর্শনী। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে নাটকটি প্রদর্শিত হবে। জার্মান সাহিত্যিক হেরমান হেসের বিশ্বখ্যাত উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিচ্ছেন রেজা আরিফ। অনবাদ করেছেন জাফর আলম। নাটকের সহকারী নির্দেশক নুসরাত জাহান জিসা। অভিনয় নির্দেশনায় পার্থ প্রতিম।
গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরমান হেসের ‘সিদ্ধার্থ’ কোনো ধর্মীয় জীবনী নয়; এ হলো একজন মানুষের আত্ম-অন্বেষণের যাত্রা। নির্দেশক রেজা আরিফের ভাষ্য, ‘গৌতম বুদ্ধের ঔজ্জ্বল্যে আড়াল হয়ে পড়া গৌতমের ব্যক্তিগত মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে।’
নাটকে মঞ্চে অভিনয় করছেন পার্থ প্রতিম, কাজী নওশাবা আহমেদ, জিনাত জাহান নিশা, ওয়াহিদ খান সংকেত, নাজমুল সরকার নিহাত, মাঈন হাসান, রেফাত হাসান সৈকত, ইসনাইন আহমেদ জিম, শাহাদাত নোমান, মাইনউদ্দিন বাবু, প্রিন্স সিদ্দিকী, এস এম মাহাফুজুর রহমান, আরিফুল ইসলাম নীল, আলী আক্কাছ আকাশ, পলি পারভীন, আজমেরী জাফরান রলি, প্রজ্ঞা প্রতীতি, জিতাদিত্য বড়ুয়া, নাসিম পারভেজ প্রভাত, জেরিন চাকমা, ক্যামেলিয়া শারমিন চূড়া, সাজ্জাদুল শুভ, নাফিসা নূর নোভা, দেবাশীষ চন্দ্র দুর্লভ, শাকিল মাহমুদ মিহিরসহ অনেকে।