পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি’র ৪৫৩তম পরিচালনা পর্ষদের সভা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী। সভায় উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, পরিচালক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, ফরহাদ আহমেদ আকন্দ, কবির আহমেদ, মিসেস ফারজানা জাহান আহমেদ, সাইফুল আরেফিন খালেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, ডা. জোৎস্না আরা বেগম, মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, নুভেদ মিজান ইকবাল, স্বতন্ত্র পরিচালক দিলশাদ আহমেদ, মিসেস রুবাইয়াত আরা এফসিএ এবং এমএমজি সারওয়ার। এছাড়াও কোম্পানির কনসালটেন্ট, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানি সচিব ও অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স প্রধান সভায় উপস্থিত ছিলেন।
সভায় অডিট কমিটি সুপারিশকৃত কোম্পানির ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশ করা হয়। সভায় জানানো হয় সমাপনী বছরান্তে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৯ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকা যা শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪.১৯ টাকা। ২০২৪ অর্থবছরের সমাপনীতে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ১৩ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা যেখানে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২.৮৪ টাকা। ২০২৫ সমাপনীতে কোম্পানি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ১০.৫০ শতাংশ যেখানে শেয়ারহোল্ডারদের ৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা নগদ লভ্যাংশ প্রদান করা হবে যা হবে শেয়ার প্রতি ১ টাকা ৫ পয়ঁসা এবং আয়ের অবশিষ্ট টাকা কোম্পানির সঞ্চিতি এবং ভবিষ্যৎ তহবিলে স্থানান্তর করা সহ সরকারী নিয়মানুযায়ী বিনিয়োগ করা হবে।
গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিল ৩৪.৮১ টাকা যা এ বছরে বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৩৭.৯৫ টাকা। বছর শেষে শেয়ার প্রতি নীট পরিচালনাগত নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫.২৪ টাকা যা বিগত অর্থবছরের একই সময়ে ছিল ৩.৬৬ টাকা। একইসাথে উক্ত সভায় কোম্পানীর ৪১তম বার্ষিক সাধারন সভা ডিজিটাল প্লাটফর্মে আগামী ২৪ জুন নির্ধারণ করে আলোচ্যসূচীসমূহ প্রকাশ এবং পরিচালকমন্ডলীর প্রতিবেদন-২০২৫ অনুমোদন দেয়া হয়।
আর্থিক বিবরণীর পাশাপাশি একইসঙ্গে উক্ত সভায় অডিট কমিটি দ্বারা সুপারিশকৃত কোম্পানির ২০২৬ সালের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে তা অনুমোদন দেয়া হয়। প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.২৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৬৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিল ৩৫ টাকা ৪৪ পয়সা যা এ বছরে বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৩৯ টাকা ২৪ পয়সা। প্রথম প্রান্তিক শেষে শেয়ার প্রতি নীট পরিচালনাগত নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৯৩ পয়সা যা বিগত অর্থবছরের একই সময়ে ছিল ৭৮ পয়সা।
