বিজ্ঞাপনের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দ্রুত বাড়ছে। এই বদলে বিজ্ঞাপনী সংস্থাগুলির কাজের ধরনও বদলাচ্ছে। সেই বদলের সঙ্গে তাল মেলাতে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি)-এর সদস্য বিজ্ঞাপনী সংস্থাগুলির জন্য এএএবি এবং বাংলাদেশে গুগল ও টিকটকের অফিসিয়াল পার্টনার আলেফ-এর যৌথ উদ্যোগে গতকাল ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার ঢাকার একতা কো-ওয়ার্কিংয়ে জেনারেটিভ এআই নিয়ে এক দিনের একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়।
বিজ্ঞাপনের কাজ থেকে শুরু করে ব্র্যান্ডের ব্যবসা বাড়ানো—সব ক্ষেত্রেই বিজ্ঞাপনী সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে এআইয়ের দ্রুত প্রসারের সঙ্গে বিজ্ঞাপনের কাজের ধরনও বদলাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে এজেন্সিগুলিকে পরিচিত করানোই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।
আয়োজনে ছিল ‘জেন এআই ক্রিয়েটিভ হ্যাকাথন ফর গুগল প্রোডাক্টস’ এবং ‘টিকটক—ট্রেন্ডস স্টার্ট হিয়ার’। গুগলের বিভিন্ন টুল ব্যবহার করে কী ভাবে এআইয়ের সাহায্যে বিজ্ঞাপনের কাজ আরও দ্রুত ও নতুন ভাবে করা যায়, সেই বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি টিকটকে নতুন ট্রেন্ড তৈরি এবং সেগুলিকে বিজ্ঞাপনের কাজে কী ভাবে ব্যবহার করা যায়, তা নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানের সূচনা করেন আলেফ ডিজিটালের বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর এহসানুল হক। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে বিজ্ঞাপন এবং ব্র্যান্ডের যোগাযোগের ধরনও বদলাচ্ছে বলে জানান তিনি। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা তৈরি করার উপরেও জোর দেন এহসানুল।
আলেফের গুগল ও টিকটক টিমের সদস্যরা কর্মশালার বিভিন্ন পর্ব পরিচালনা করেন। এএএবির সদস্য সংস্থাগুলির প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয় এআই-নির্ভর নানা টুল, কাজের পদ্ধতি এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলির ব্যবহারিক দিক।
অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেন এএএবির যুগ্ম সম্পাদক এম এ মারুফ এবং গুগলের জন্য আলেফের পার্টনার ডিরেক্টর আহসানুর রহমান। ভবিষ্যতেও বিজ্ঞাপন শিল্পে জ্ঞান বিনিময় ও পারস্পরিক সহযোগিতার এই ধারা বজায় থাকবে বলে আশাবাদ জানান তারা।
এএএবি জানিয়েছে, সদস্য সংস্থাগুলিকে সময়ের সঙ্গে এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের আয়োজন ভবিষ্যতেও করা হবে। আলেফের সঙ্গে এই পার্টনারশিপও আরও এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম