ঈশ্বরদী কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষে রণক্ষেত্র

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪১ এএম

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ককটেলের বিস্ফোরণ এবং ইট-পাটকেল নিক্ষেপের কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতেই কলেজ গেটের সামনে বিএনপির কার্যালয় ভাঙচুর করেন শিবিরের নেতাকর্মীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা শহরের বকুলের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে তারা ‘গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে’, ‘রগ কাটে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’সহ বিভিন্ন সেøাগান দেয়। মিছিলটি কলেজ গেটের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে কলেজ গেটের বাইরে থাকা বিএনপি অফিস ভাঙচুর করেন শিবিরের নেতাকর্মীরা।

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব বলেন, শিবিরের মিছিল থেকে তাদের নেতাদের উদ্দেশে কুরুচিপূর্ণ সেøাগান দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে শিবিরকর্মীরা হামলা চালায় এবং বিএনপি অফিসে ঢুকে ব্যানার ও আসবাবপত্র ভাঙচুর করে। তার দাবি, শতাধিক শিবিরকর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সজিব হাসান বলেন, কলেজে তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য তারা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন। দুপুর ১২টার দিকে শহরের বকুলের মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিএনপি কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা নেই।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষ ক্যাম্পাস ত্যাগ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত