বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক তরুণ কবি অংশ নিয়েছেন।
উৎসব উপলক্ষে বেলা সাড়ে ১২টার দিকে শহরে একটি কবি পদযাত্রা বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বগুড়া লেখক চক্রের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলক পাল।
উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কে এম মাহাবুবার রহমান হারেজ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, অ্যাডভোকেট পলাশ খন্দকার, সাংবাদিক মহসিন আলী রাজু, মোহন আকন্দ ও আব্দুর রহমান টুলু প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল এবং সংস্কৃতিজন এইচ আর মিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কবি ইসলাম রফিক সম্পাদিত নতুন কাব্যগ্রন্থ ‘মৌনমুখর’ (নিওর প্রকাশনা)-এর মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী পর্বে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
দিনব্যাপী আয়োজনে ছিল ‘কথা ও কবিতা’, তারুণ্যের বই আলোচনা, কবিতা ও গল্প বিষয়ক মুক্ত আলোচনা এবং ‘স্পর্ধিত তারুণ্য সাহিত্য সম্মাননা’ প্রদান। বিভিন্ন কবির কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করেন দেশের বিভিন্ন কবি ও সাহিত্যিকরা।
এদিন সন্ধ্যায় সমাপনী পর্বে পাঁচ তরুণ কবিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া কবিরা হলেন—কাজী শোয়েব শাবাব, হিরণ্য হারুন, সাফওয়ান আমিন, মারুফ আহমেদ নয়ন ও শৈবাল নূর। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘দল অন্যরকম’ সংগীত পরিবেশন করে প্রথম দিনের কার্যক্রম শেষ করে।
শনিবার (দ্বিতীয় দিন) বাগবাড়ীতে জিয়াবাড়ী পরিদর্শন, শহীদ জিয়া ডিগ্রি কলেজে আলোচনা সভা এবং কবি ইসলাম রফিকের ৫৬তম জন্মোৎসব উদযাপনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।
ইরানের যে শক্তিতে বিপর্যয়ের মুখে শত্রুরা